শম্ভুগঞ্জে লরি-মাহিন্দ্রা সংঘর্ষে শিশুসহ নিহত ২
ময়মনসিংহের শম্ভুগঞ্জে লরির সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রার সংঘর্ষে এক শিশু ও এক গৃহবধূ নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের শম্ভুগঞ্জ স্বপ্নার মোড় সংলগ্ন ব্র্যাক স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাবিয়া খাতুন (৪৫) ও ১৭ মাস বয়সী শিশু তৌফিক। এ ঘটনায় নিহত তৌফিকের মাসহ আরও তিনজন আহত হয়েছেন, যাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা নেত্রকোণার দিকে যাচ্ছিল। পথে শম্ভুগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু তৌফিক ও রাবিয়া খাতুনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক লরিটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে শিশু তৌফিকের মায়ের একটি হাত ভেঙে গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক লরি শনাক্ত ও চালককে আটক করতে অভিযান চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।