হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্ত ইরান দূতাবাস।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের ফলে যে সকল বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য ইরান আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে তেহরান। এই দুর্ভাগ্যজনক ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দূতাবাস এই আশ্বাসের কথা জানায়। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা ও ইরানের ওপর হওয়া আগ্রাসনের প্রেক্ষিতে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে দেশটি।
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ ও কূটনৈতিক অবস্থানের প্রশংসা করেছে তেহরান। ইরান মনে করে, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের এই গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ সরকারের শোকবার্তা এবং জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণের বিষয়টি অত্যন্ত ইতিবাচক ও ব্যতিক্রমী এক বন্ধুত্বের বার্তা হিসেবে দেখছে দেশটি। রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, সম্প্রতি আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশিকে ইরান থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা প্রয়োজনীয় সুবিধা প্রদান করেছে। ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলের নিরাপত্তা বজায় রাখতেও তারা সক্রিয় থাকবে।
তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক কিছু গণমাধ্যম সাক্ষাৎকারের খণ্ডিত বা আংশিক অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইরান দূতাবাস। তারা মনে করে, এ ধরনের বিভ্রান্তিকর প্রচার দুই বন্ধুপ্রতিম দেশের সুসম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভুল ধারণা তৈরি করতে পারে এমন কোনো কাজ বা বক্তব্য থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166018