প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক, গণমাধ্যম সংকট ও স্বাধীনতা নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নেতারা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংবাদপত্রশিল্পের বর্তমান সংকট, আর্থিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং কয়েকটি বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
সভায় নোয়াব সভাপতি দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নোয়াবের সাবেক সভাপতি ও সমকালের প্রকাশনা প্রতিষ্ঠান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, দৈনিক বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক , ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, সংবাদপত্রশিল্প বর্তমানে গুরুতর আর্থিক সংকটের মুখে রয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী সহানুভূতির সঙ্গে আলোচনা করেছেন এবং বেশ কিছু দাবির প্রতি সম্মতি জানিয়েছেন। তবে কিছু বিষয় বাস্তবায়নে সময় লাগতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি পূর্ববর্তী সরকারগুলোর নীতি অনুসরণ না করে উদার গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে চান। এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন নোয়াব নেতারা।
এছাড়া, গ্রেপ্তার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী জানান, কেউ অন্যায়ভাবে কারাবন্দী বা হয়রানির শিকার হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি বকেয়া বিল পরিশোধ এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠকে নিয়মিত সংলাপ চালুর সিদ্ধান্তও হয়। প্রধানমন্ত্রী জানান, তিনি প্রতি তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করতে আগ্রহী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165975