গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার মৌচাক এলাকায় ‘হোপ লোন ইন্টিমেট লিমিটেড’ কারখানার সামনে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার ঝুট বের করা নিয়ে হারুন অর রশিদ গ্রুপ এবং ফরহাদ হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ এবং হারুন অর রশিদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে হারুন গ্রুপের লোকজনকে ফরহাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। তবে আহতদের মধ্যে হারুনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, হারুন অর রশিদ কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং ফরহাদ হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে আসার আগেই সবাই চলে যায়। ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।