চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে কবির খান(৫৩) নামে এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও অনুসারীরা।
আজ মঙ্গলবার(২১এপ্রিল)সকাল সারে সাতটার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মুন্সির চর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আসামি কবির খান (৪৫) চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের মৃত সুরমান খানের ছেলে। তিনি চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি এবং চরাঞ্চলে ভূমিদস্যু হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এস আই) রফিকুজ্জামানের নেতৃত্বে পাঁচজন পুলিশ সদস্য মুন্সির চর বাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেপ্তার করে। তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় কবিরের বড় ভাই সূর্য খান পুলিশের কাজে বাধা দেন। মুহূর্তের মধ্যে কবিরের ১০ থেকে ১৫ জন স্বজন ও অনুসারী পুলিশের ওপর হামলা চালান এবং হাতকড়া পরা অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যান।
হামলায় এসআই রফিকুজ্জামানের ডান হাত জখমসহ অন্য পুলিশ সদস্যরা আহত হন। আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নেতা কবির খান সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের পাঁচজন পুলিশ সদস্য গেলে তাদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যায় তার স্বজন ও অনুসারীরা। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আসামি কবির খানকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’