চাকরির প্রলোভনে নারী পাচার, গ্রেপ্তার ২

চাকরির প্রলোভনে নারী পাচার, গ্রেপ্তার ২

রাজধানীর শাহআলী থানায় দায়ের করা মানব পাচার মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একইসঙ্গে তাদের হেফাজত থেকে আরও দুই নারী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএন রায় নিয়তি এতথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- পাভেল মিয়া (২৬) ও মো. আসাদুজ্জামান (৪৯)।

কেএন রায় নিয়তি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গাজীপুর ও রাজধানীর গুলশান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার পাভেল ঢাকার একটি হোটেলে চাকরি করতেন।

সেই পরিচয় কাজে লাগিয়ে গ্রামের সহজ-সরল নারীদের রাজধানীতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসতেন। পরে তাদের মিরপুরের একটি বাসায় জোর করে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনৈতিক কাজে বাধ্য করা হতো।

মামলার এজাহার সূত্রে তিনি জানান, এক ভুক্তভোগীকে গত ১০ এপ্রিল চাকরির আশ্বাস দিয়ে ঢাকায় এনে আটকে রাখা হয়। পরে আরও এক নারীকে একই কৌশলে এনে পাচারচক্রের হাতে তুলে দেওয়া হয়। ভুক্তভোগীরা প্রতিবাদ করলে তাদের শারীরিক নির্যাতন করা হতো এবং হত্যার হুমকি দেওয়া হতো। এক পর্যায়ে নিরুপায় হয়ে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল করলে পুলিশ তাদের উদ্ধার করে। পরে এ ঘটনায় শাহআলী থানায় মানব পাচার মামলা দায়ের করা হয়

কেএন রায় নিয়তি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির গতিবিধি শনাক্ত করে মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভনে নারীদের ঢাকায় এনে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার পাভেল ভুয়া কাবিননামার মাধ্যমে একাধিক বিয়ে করে কয়েকজন নারীকে একইভাবে শোষণের শিকার করেছে। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165934