রংপুরের গঙ্গাচড়ায় পৃথক তিন ঘটনায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর মৃত্যু
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একই দিনে পৃথক তিনটি ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মৃতরা হলেন-লালমনিরহাটের আদিতমারী উপজেলার আনারুল কবিরের মেয়ে শামসেআরা কবির (১৩), গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের অচিনতলা এলাকার সামসুল হকের মেয়ে ও একই ইউনিয়নের চেংডোবা এলাকার রিপন মিয়ার স্ত্রী সুলতানা বেগম (২০) এবং লক্ষ্মীটারী ইউনিয়নের সরকারটারি এলাকার মজনু মিয়ার স্ত্রী ও হারাগাছ এলাকার মজিবর রহমানের মেয়ে মাছুমা বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারুল ইসলাম রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গঙ্গাচড়া জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত। ২০২১ সালে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। শামসেআরা কবির তার প্রথম স্ত্রীর মেয়ে এবং গঙ্গাচড়া হাজী দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা ও সৎ মাসহ গঙ্গাচড়া মেডিকেল পূর্বপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। সোমবার দুপুর নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করে সে। তার মৃত্যু রহস্যজনক বলে স্থানীয়দের ধারণা।
এদিকে কোলকোন্দ ইউনিয়নের সুলতানা বেগম পারিবারিক কলহের জেরে সোমবার সকালে বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে ঝগড়ার জেরেই তিনি এ পথ বেছে নেন।
অন্যদিকে, লক্ষ্মীটারী ইউনিয়নের মাছুমা বেগম গত ১৩ এপ্রিল বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, একই দিনে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165899