বগুড়ার শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর দুই শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর দুই শিয়ালের বাচ্চা উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একটি পরিত্যক্ত গভীর কুয়ায় পড়ে যাওয়া দুটি শিয়ালের বাচ্চা ১৫ দিন পর জীবিত উদ্ধার করেছে স্বেচ্ছাসৈবী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’। গত রোববার সন্ধ্যায় উপজেলার কুসুম্বি ইউনিয়নের খিকিন্দা পূর্ব গ্রাম থেকে বাচ্চা দুটিকে উদ্ধারের পর নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে খিকিন্দা পূর্ব গ্রামের কৃষি জমির পাশের একটি পরিত্যক্ত গভীর কুয়ায় পড়ে যায় বাচ্চা দুটি। কুয়াটি মূলত একটি গভীর নলকূপ স্থাপনের জন্য খনন করা হয়েছিল, যা দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল। গর্তটি গভীর হওয়ায় বাচ্চা দুটি উপরে উঠতে ব্যর্থ হয়। স্থানীয়রা বিষয়টি টের পাওয়ার পর ওপর থেকে খাবার ফেলে বাচ্চা দুটিকে এতদিন বাঁচিয়ে রাখেন।

এমনকি মা শিয়ালটিও নিয়মিত গর্তের পাড়ে এসে ছানাগুলোকে খাবার দিয়ে যেত। তবে সম্প্রতি বৃষ্টির কারণে কুয়ায় পানি জমতে শুরু করলে তাদের জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। এমন খবর জানতে পেরে শেরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’র সভাপতি সোহাগ রায়কে খবর দেন। এরপর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এসময় শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ জামাল কামাল, সংগঠনের সভাপতি সোহাগ রায় সাগর ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের নেতৃত্বে ও স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যা ৬টার দিকে অত্যন্ত সতর্কতার সাথে গভীর কুয়া থেকে বাচ্চা দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165862