ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে যুবকের আত্মহত্যা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় অনলাইন জুয়ায় আসক্তি ও ধারাবাহিকভাবে টাকা হারানোর ঘটনায় নাহিদ রানা (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাহিদ সদর উপজেলার ১৯নম্বর বেগুনবাড়ী ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ী (ভূজারীপাড়া) গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন নাহিদ। জুয়ার কারণে বারবার অর্থ হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত শনিবার প্রায় ১০ হাজার টাকা হারানোর পর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। গতকাল রোববার সন্ধ্যায় বাড়িতে ফিরলে আজ সোমবার (২০ এপ্রিল) সকালে পরিবারের সদস্যদের বিষপান করার কথা জানান।
পরে স্বজনরা তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর পরামর্শ দেন। এ্যাম্বুলেন্সে করে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165849