বিসিবি নির্বাচনের তারিখ জানালেন তামিম

বিসিবি নির্বাচনের তারিখ জানালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন আগামী জুনের প্রথম সপ্তাহেই আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন তামিম ইকবাল। বর্তমানে তার নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি বিসিবির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছে।

নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার পর গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি বোর্ড ভেঙে দেয়। একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে বর্তমান কমিটি। বিষয়টি নিয়ে শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল।

তিনি জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে এবং সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে জুনের প্রথম সপ্তাহ। তামিম বলেন, “আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাহেও নিশ্চিতভাবে করবো।”

তিনি আরও বলেন, আইন অনুযায়ী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজনের সময়সীমা থাকলেও এটি শেষ সময় নয়। প্রয়োজনে আগেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব। এ কারণেই কমিটি দ্রুত ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

তামিম ইকবাল জানান, নির্ধারিত সময়ের আগেই নির্বাচন সম্পন্ন করে বিসিবির প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা তাদের লক্ষ্য।এদিকে বিসিবির আসন্ন নির্বাচন ঘিরে ক্রিকেট অঙ্গনে আগ্রহ বাড়ছে। নতুন নেতৃত্ব কারা আসবেন এবং বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে—তা নিয়ে আলোচনা চলছে ক্রীড়া মহলে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165831