নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি খনন দুই লাখ টাকা জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাতের অন্ধকারে এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি খনন করার দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে এক্সকেভেটর মেশিন (ভেকু) দিয়ে মঞ্জিলপুকুর নামক স্থানে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় অবৈধভাবে মাটি কাটার আলামত পাওয়া অভিযুক্ত ব্যক্তি আবদান আলীকে (৪১) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অভিযানে লালপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অনুমতি না নিয়ে অবৈধভাবে মাটি খনন করায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165816