টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস চালকের সহকারী ও সুপারভাইজারের প্রাণ গেছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানিয়েছেন।

নিহতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার পাকুয়া গ্রামের আমজাদ হোসেন ছেলে বাস চালকের সহকারী মজনু মিয়া (৪৩) ।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাস চালকের সহকারী ও সুপারভাইজারের মৃত্যু হয়।

পরে দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় বিদ্যুৎ নামে স্থানীয় এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন। এ সময় যান চলাচল বন্ধ হলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আবার তা স্বাভাবিক হয়।

ওসি মোকছেদুর বলেন, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165771