বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকসেবীর লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকসেবীর লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকসেবীর লাঠির আঘাতে নাজমুল হোসেন খান রুপক নামের এক ব্যক্তি গতকাল শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ব্যাপারে ওই দিন রাতেই থানায় মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার তালোড়া মন্ডলপাড়ার ইলিয়াছ হোসেনের ছেলে সম্রাট খান (২৮) একজন মাদকসেবী। সে প্রায়ই মাদকের টাকার জন্য তার মা-বোনকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিত। তার মামাতো ভাই নাজমুল হোসেন খান রুপক আসামি সম্রাটকে বুঝিয়ে তার মা ও বোনকে বাড়িতে রেখে আসতো।

গত শুক্রবার সকালে মাদকসেবী সম্রাট খান তার মা-বোনকে মারপিট করে আবারও বাড়ি থেকে বের করে দেয়। ওই দিনও নাজমুল হোসেন খান রুপক মামাতো ভাই সম্রাটকে বুঝিয়ে তার মা-বোনেক বাড়িতে রেখে আসেন। নাজমুল হোসেন খান কোম্পানিতে চাকরি করতেন। ওই দিনই অফিস শেষ করে বাড়িতে এসে রাত সাড়ে ৮টার দিকে তাদের বাড়িতে যান।

এসময় সম্রাট তার বাড়ির ঘরের মধ্যে দরজা বন্ধ করে ছিল। নাজমুল তাকে ডাকাডাকি করে দরজা খুলতে বললে সম্রাট রাগান্বিত হয়ে হঠাৎ দরজা খুলে তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে নাজমুল হোসেন খান রুপককে মাথাসহ কপালে ও নাকের ওপরে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় মারা যান তিনি। নিহত নাজমুল হোসেন খান রুপক একই এলাকার আমানত খানের ছেলে।

এ ব্যাপারে তার স্ত্রী আরিফা জাহান (২৪) বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করেই ওই রাতেই মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আলহাজ উদ্দিন অভিযান চালিয়ে তালোড়া বাজার রেল স্টেশন এলাকা থেকে একমাত্র আসামি সম্রাট খানকে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ রোববার (১৯ এপ্রিল) বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165733