বগুড়ায় সাড়ে তিন লাখের বেশি শিশু পাচ্ছে হাম-রুবেলার টিকা

বগুড়ায় সাড়ে তিন লাখের বেশি শিশু পাচ্ছে হাম-রুবেলার টিকা

স্টাফ রিপোর্টার : সোমবার থেকে সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকা দান কর্মসূচি। বগুড়ার তিন লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে এই কর্মসূচিতে টিকা প্রদানের জন্য তালিকাভূক্ত করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে শুরু হয়ে এ টিকাদান কার্যক্রম চলবে ১০ মে পর্যন্ত। এতে ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এ টিকা নিতে পারবে।

আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর-ই-শাদীদ। তিনি জানান, এবার বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। দুপুর ১টায় গাবতলী উপজেলার বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর-ই-শাদীদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর ডা. একেএম কামরুজ্জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বগুড়ার ডা. তারিক রেজা, বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আজিজুল হাকিম বাপ্পা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ।

এসময় চিকিৎসকরা জানান, জেলার তিন লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশু পাবে হাম-রুবেলা টিকা। জেলায় মোট টিকাদান কেন্দ্র আছে ২ হাজার ৮৮৭টি। এরমধ্যে টিকাদানের মোট স্থায়ী কেন্দ্র আছে ১৪টি এবং অস্থায়ী কেন্দ্র রয়েছে ২ হাজার ৮৭৩টি। তবে যেসব শিশু গত ২৮ দিনের মধ্যে এমআর টিকা গ্রহণ করেছে, তাদের এই সময় টিকা দেওয়া হবে না। নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতিত) টিকা দেওয়া হবে।

ডা. এসএম নূর-ই-শাদীদ জানান, বগুড়া জেলায় ২৪২ জন শিশু হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল এবং দুই শিশু এই উপসর্গে মারা গেছে। পরীক্ষার মাধ্যমে ছয়জনের হাম নিশ্চিত হওয়া গেছে এবং মৃত দুই শিশুর মধ্যে একজনের হামের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বর্তমানে বগুড়ার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩২ শিশু ভর্তি রয়েছেন বলে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে ডা. শাদীদ জানান, বিগত সময়গুলোতে আমরা যেমন জেলা শহরের একটি কেন্দ্রে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এবার সেটা হবে না। যেহেতু প্রধানমন্ত্রী বগুড়ার গাবতলীতে উদ্বোধন করবেন সে কারণে এবার আমরা পৃথকভাবে উদ্বোধন কর্মসূচি করছি না। তবে সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান চলবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, হামের টিকা নেয়ার পর কোনো কোনো শিশুর হাল্কা জ¦র বা ওই টিকার স্থান হাল্কা ফুলে যেতে পারে বা লাল রঙ ধারণ করতে পারে। এজন্য আতঙ্ক হওয়ার কিছু নেই। এছাড়া জ¦র, শ্বাসকষ্ট বা অসুস্থ থাকা অবস্থাতেও এই টিকা গ্রহণ করা যাবে না বলেও চিকিৎসকরা জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165717