গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় শিশুশিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় শিশুশিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় তানভীর ইসলাম আরিয়ান (৮) নামের এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আনসার রোড এলাকার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত তানভীর ইসলাম আরিয়ান দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি এলাকার পোশাককর্মী সজল ইসলামের ছেলে। সে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

নিহত আরিয়ানের বাবা সজল ইসলাম বলেন, আজ সকালে বাসা থেকে স্কুলে যায় আরিয়ান। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী কাভার্ড ভ্যান পেছনের দিকে ব্যাক করলে পাশে থাকা একটি সিমেন্টের সীমানাপিলার ও কাভার্ড ভ্যানের মাঝখানে পিষ্ট হয়ে যায় আরিয়ান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে কাভার্ড ভ্যানটি আটকে রাখলে ঘাতক চালক পালিয়ে যান।

কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, আরিয়ান স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আজ স্কুল ছুটি হওয়ার পরপরই রাস্তার পাশে দাঁড়ায় রাস্তা পার হতে। সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান ঘোরানোর জন্য পেছনের দিকে গেলে পাশে থাকা সীমানাপিলারের সঙ্গে চাপা খায় শিশুটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165703