মেসিদের লিগে যাওয়া নিয়ে মুখ খুললেন নেইমার

মেসিদের লিগে যাওয়া নিয়ে মুখ খুললেন নেইমার

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে ফুটবল বিশ্বে দলবদলের গুঞ্জন নতুন কিছু নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এ তার যোগ দেওয়া নিয়ে জোরালো আলোচনা শুরু হলেও, আপাতত সেসব উড়িয়ে দিলেন এই ফরোয়ার্ড। নিজের ছোটবেলার ক্লাব সান্তোসের সঙ্গেই চুক্তির মেয়াদ শেষ করতে চান তিনি।

চলতি মাসের শুরুতে ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের ক্লাব এফসি সিনসিনাতি নেইমারকে এই গ্রীষ্মেই দলে ভেড়াতে আগ্রহী। ক্লাবটি ইতিমধ্যে নেইমারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগও করেছে; কিন্তু সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির বিষয়ে নেইমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমি সত্যি বলতে জানি না (পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে চলে যাওয়ার বিষয়ে)। সান্তোসের সাথে বছরের শেষ পর্যন্ত আমার চুক্তি আছে এবং আমি তা পূরণ করতে চাই।’

৩৪ বছর বয়সী এই তারকার জন্য ২০২৬ সালটি খুব একটা সুখকর যাচ্ছে না। হাঁটুর ইনজুরির কারণে এ বছর তিনি এখন পর্যন্ত মাত্র ৮টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন। তবে সীমিত সুযোগেও নিজের জাত চিনিয়েছেন তিনি; সান্তোসের হয়ে করেছেন ৪টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩টি। চোট কাটিয়ে ফেরার পর গত মঙ্গলবার দেপোর্তিভো রেকলেটার বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে সান্তোসের হয়ে গোল করেছিলেন বার্সেলোনা ও পিএসজির এই সাবেক তারকা। তবে ঘরের মাঠে দলের এই হতাশাজনক পারফরম্যান্স মেনে নিতে পারেনি সমর্থকরা। 

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনতে হয় তাকে। এমনকি এক ভক্তের সঙ্গে নেইমারের বাকবিতণ্ডাও হতে দেখা গেছে। আপাতত সান্তোস সমর্থকদের জন্য স্বস্তির খবর এটাই যে, নেইমার এই বছরের শেষ পর্যন্ত ক্লাবেই থাকছেন। তবে আগামী বছরের শুরুতে তিনি ফ্রিতে অন্য কোনো ক্লাবে যোগ দেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165649