মায়ামির কোচ হিসেবে আলোচনায় জাভির নাম!
স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির কোচিং ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে জাভিয়ের মাসচেরানোর আকস্মিক বিদায়ের পর। দলটির বর্তমান পরিস্থিতি, মেসির উপস্থিতি এবং আসন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর কারণে নতুন কোচ নির্বাচন এখন ক্লাবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মাসচেরানোর বিদায়ের ফলে ইন্টার মায়ামির কোচিং স্টাফে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। এমএলএস মৌসুম ইতোমধ্যেই কয়েকটি ম্যাচ পেরিয়ে গেছে, আর সামনে রয়েছে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের প্রস্তুতি। এমন সময় নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত দ্রুত না নিয়ে ভালোভাবে যাচাই-বাছাই করেই নেয়া হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমএলএস বিশ্লেষক টেইলর টোয়েলম্যান দ্য ইউএস সানকে দেয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামির বর্তমান পরিস্থিতিকে ‘বিশেষ সময়’ হিসেবে উল্লেখ করেন, কারণ দলে আছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা লিওনেল মেসি। তার মতে, মেসির উপস্থিতির কারণে ক্লাবের কোচ নির্বাচনের সুযোগ ও পরিসরও অনেক বেশি বিস্তৃত হয়েছে।
টোয়েলম্যান বলেন, ক্লাব এখন সম্ভাব্য কোচ প্রার্থীদের নিয়ে গভীরভাবে ভাবছে এবং কারা বর্তমানে উপলব্ধ আছে সেটিও বিবেচনায় রাখছে। তার মতে, ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে সবচেয়ে সম্ভাব্য ও যুক্তিযুক্ত নাম হিসেবে উঠে আসছে স্পেনের হয়ে বিশ্বকাপজী খেলোয়াড় জাভি হার্নান্দেজের নাম। তিনি জাভিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, বার্সেলোনার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং মেসির সঙ্গে ঘনিষ্ঠতা এই সিদ্ধান্তকে আরও যুক্তিসঙ্গত করে তুলতে পারে। পাশাপাশি তিনি এখন কোচ হিসেবে কাজের জন্য উপলব্ধ বলেও ইঙ্গিত দেন, যা তাকে আরও শক্তিশালী প্রার্থী করে তুলছে।
জাভি ও মেসি বার্সেলোনায় দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন। সেই সময় তারা ক্লাবটির হয়ে অসাধারণ সফল একটি অধ্যায় গড়ে তোলেন এবং একসঙ্গে বহু শিরোপা জেতেন। এই অভিজ্ঞতা ইন্টার মায়ামির মতো দলে নতুন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে টোয়েলম্যান স্পষ্ট করেছেন, বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং ক্লাব কোন পথে এগোবে তা সময়ই বলে দেবে। তার মতে, শুধু নাম বড় হওয়া নয়, ইন্টার মায়ামির জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং সঠিক ফুটবল পরিকল্পনা। দ্য সান
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165519