হজযাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দেশ ও জাতির কল্যাণে দোয়া চান।
প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তিনি দেশের সমস্যা মোকাবিলা ও সরকারের উদ্যোগ সফল করতে দোয়া কামনা করেন। পাশাপাশি আগামী বছর হজের সুযোগ-সুবিধা বাড়ানো এবং খরচ আরও কমানোর আশ্বাস দেন।
তিনি জানান, চলতি বছর হজের খরচ অন্তত ১২ হাজার টাকা কমানোর চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে কম খরচে আরও বেশি মানুষকে হজে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165503