রংপুরের পীরগঞ্জে আন্ত:বিভাগ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে আন্ত:বিভাগ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ডিবি ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আন্ত:বিভাগ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে আজ শুক্রবার (১৭ এপ্রিল) সাভারের হেমায়েতপুর থেকে ৪ জন ও গাজীপুরের এনায়েতপুর থেকে ২ জনসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পীরগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে রংপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, গত ২৬ মার্চ দিবাগত রাতে রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ মকিমপুরে রংপুর কেমিক্যাল লিমিটেড নামে একটি কোম্পানিতে ১৪/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইটি পিকআপযোগে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় কারখানার মালিক হাবিবুল ইসলাম রুহুল বাদি হয়ে ২৭ মার্চ মামলা রুজু করেন। মামলায় গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জের কাজিরপুর থানার ঘোড়াগাছা রেহাই শুরিবেড় গ্রামের রুবেল রানা(২৭), বগুড়ার গাবতলী থানার পনিরপাড়ার মানিক(২৭), খুলনার লবণচড়া থানার ৩১নং শিপ ইয়ার্ডের ইব্রাহিম(২৫), একই গ্রামের সাইমুন আমিন শুভ(২৬), পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়ার শফিকুল ইসলাম(২৫) ও চাঁদপুরের হাইমচর থানার তফোদারকান্দির সোহাগ মিয়া(২২) । পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা ডাকাতির চেষ্টার বিষয়টি স্বীকার করেছে। তাদের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165463