কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে একেবারেই বাস চলাচল বন্ধ রয়েছে।

এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।

জানতে চাইলে বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, ‘বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত রয়েছে। অথচ আমাদের কোনো সুযোগ-সুবিআধা দেওয়া হয় না। দুটি দাবিতে মালিক গ্রুপের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানায় আজ (শুক্রবার) সকাল থেকে মালিক গ্রুপের বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আমাদের সঙ্গে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকেরাও বাস চলাচল বন্ধ রেখেছে। এতে কুষ্টিয়ার কোনো বাস ছেড়ে যায়নি।’

সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস-মিনি বাস শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা দুটি দাবির কথা জানান। এর একটি হলো পরিবহনসংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ-সুবিধা নেয়, শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। এসব দাবি পূরণ না করায় তাঁরা আজ সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165414