নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে ১০ লাখ টাকা দাবি
রাজধানীর মিরপুরে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার দুজন হলেন সালমা আক্তার (৩৫) ও মো. মিজানুর রহমান কিরন (৪০)।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-৪-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ এপ্রিল রাতে রাজধানীর ৬০ ফিট এলাকায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, মামলার বাদী একজন ব্যবসায়ী এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত ২৮ ফেব্রুয়ারি রাতে পারভেজ নামে এক আসামি বাদীকে রাজনৈতিক আলোচনার কথা বলে শেওড়াপাড়ায় ডেকে নেয়।
এক পর্যায়ে সালমা আক্তারকে ব্যবহার করে বাদীর সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ধারণ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।