নবীগঞ্জে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নদীতে

নবীগঞ্জে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নদীতে

নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে প্রাইভেটকারসহ পড়ে যান চালক। পরে স্থানীয় নৌকার মাঝিদের সহযোগিতায় চালক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এই দুঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাফিজুল ইসলাম।

তিনি জানান, গাড়িটির মালিক আগেই নেমে গিয়েছিলেন। চালক গাড়িটি ফেরিতে তোলার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয় নৌকা চালকদের সহযোগিতায় তীরে ওঠেন চালক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম অন্তত এক ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

গাড়ির চালক জাকির হোসেন বলেন, গাড়ির গিয়ার বক্স সমস্যার কারণে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই। পরে গাড়ির গ্লাস খুলে বের হয়। এ সময় হাত ও পায়ের কিছু জায়গায় কেটে গেছে। গাড়ির মালিক একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্র।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165350