বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো ‘হাফ টাইম শো’র ঘোষণা ফিফার
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে ২০২৬ সালের ফাইনাল ম্যাচে ‘হাফ টাইম শো’ আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের মধ্যবিরতিতে এই বিশেষ সংগীত ও বিনোদনমূলক অনুষ্ঠানটি পরিচালিত হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই ঐতিহাসিক উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেমাফর ওয়ার্ল্ড ইকোনমি সামিটে বক্তব্য দিতে গিয়ে ইনফান্তিনো জানান, এই মেগা শো-টি সাজানোর দায়িত্বে রয়েছেন ব্রিটিশ পপ ব্যান্ড কোল্ডপ্লে এবং এর প্রধান গায়ক ক্রিস মার্টিন। যদিও পারফর্মারদের নাম এখনো গোপন রাখা হয়েছে, তবে একাধিক বিশ্বখ্যাত শিল্পী সেখানে অংশ নেবেন বলে জানানো হয়েছে। ইনফান্তিনো বলেন, “এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শো; দারুণ কিছু।”
যুক্তরাষ্ট্রের সুপারবোলের হাফ টাইম শো অত্যন্ত জনপ্রিয় হলেও ফুটবল বিশ্বে এটি বিরল। সাধারণত ফুটবলের ১৫ মিনিটের বিরতিতে দর্শকরা মাঠের বাইরে বা নিজেদের মধ্যে আলোচনা করতেই পছন্দ করেন। তবে ২০২৬ বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে, তাই আমেরিকান ক্রীড়া সংস্কৃতির ছোঁয়া বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।
ফুটবলে এ ধরনের আয়োজন সব সময় প্রশংসিত হয়নি। ২০১৭ সালে জার্মানিতে এক ম্যাচে হাফ টাইম শো করার সময় পপ তারকা হেলেন ফিশারকে দর্শকদের তীব্র দুয়োধ্বনির মুখে পড়তে হয়েছিলো। ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ মনে করেন, বিনোদন নয় বরং খেলার গতিই এখানে মুখ্য। এই চ্যালেঞ্জ মাথায় রেখেই ফিফা তাদের পরিকল্পনা সাজাচ্ছে।
বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করতে টম ব্র্যাডি এবং শ্যাকুয়েল ও'নিলের মতো মহাতারকারাও বিভিন্ন পর্যায়ে যুক্ত থাকবেন বলে জানানো হয়েছে। গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানেও তাঁদের সক্রিয় ভূমিকা দেখা যাবে।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বর্ণাঢ্য আসর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর ফিফা।