হরিরামপুরে শ্মশান থেকে মাথার খুলি চুরি, গ্রেফতার ৩

হরিরামপুরে শ্মশান থেকে মাথার খুলি চুরি, গ্রেফতার ৩

মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার ধূলশুড়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন— ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের শিশির সরকার (২১) ও দীপক বিশ্বাস (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মহাশ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির অভিযোগে শ্মশান কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার হরিরামপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৫)। মামলার প্রেক্ষিতে পুলিশ ওইদিন বিকেলেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্মশান ঘাট থেকে খুলি চুরির অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165324