চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে রাসেল আলী (২৫) এবং দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে, নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিমুল ইসলাম তার বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিল। এসময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, রাসেল আলী মাঠে তামাকের খড়ি সংগ্রহ করছিলেন। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে দর্শনা থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165310