অনলাইন জুয়া: নীরব ডিজিটাল মহামারি ও দারিদ্র্যের নতুন ফাঁদ
গ্রামের এক চায়ের দোকান। কয়েকজন শ্রমিক, দোকানদার, আর কিছু তরুণ সবাই মোবাইল ফোনে ডুবে আছে। বাইরে থেকে মনে হতে পারে তারা হয়তো ক্রিকেট স্কোর দেখছে বা ভিডিও দেখছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। তারা যুক্ত একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে, যেখানে অদৃশ্য এক খেলায় প্রতিদিন বদলে যাচ্ছে জীবনের হিসাব।
এই দৃশ্য এখন আর ব্যতিক্রম নয়। রিসার্সগেটের গবেষণা অনুযায়ী, বাংলাদেশে অনলাইন জুয়ায় আসক্ত মানুষের সংখ্যা ৫০ লক্ষের বেশি। ধারণা করা হচ্ছে, এই সংখ্যা ২০২৭ সালের মধ্যে ২ কোটিরও বেশি হতে পারে। তদুপরি, বেকারত্ব, আয় বৃদ্ধির সীমিত সুযোগ এবং দ্রুত ধনী হওয়ার আকাক্সক্ষার মতো সামাজিক-অর্থনৈতিক কারণ এই সমস্যাকে আরও তীব্র করে তুলছে। আমরা সাধারণভাবে যা ভাবছি বা দেখছি, বাস্তবে এর প্রভাব এবং বিস্তার তার চেয়ে অনেক বেশি ভয়ংকর। বিস্তার: কীভাবে ছড়িয়ে পড়ছে এই ফাঁদ অনলাইন জুয়ার বিস্তার কোনো স্বাভাবিক প্রযুক্তিগত পরিবর্তনের ফল নয়; এটি একটি সুসংগঠিত ডিজিটাল বিস্তার কৌশল। প্রথমত, মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট। “ফ্রি বোনাস”, “সাইন-আপ রিওয়ার্ড”, “লাকি স্পিন”এ ধরনের প্রলোভন দিয়ে মানুষকে প্রথমে অল্প ঝুঁকিতে যুক্ত করা হয়। শুরুতে কিছু লাভ দেখিয়ে বিশ্বাস তৈরি করা হয়, এরপর ধীরে ধীরে ক্ষতির দিকে ঠেলে দেওয়া হয়। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম এসব প্ল্যাটফর্মে সাজানো ভিডিও, ভুয়া সফলতার গল্প এবং টার্গেটেড বিজ্ঞাপন তরুণদের আকৃষ্ট করছে। তৃতীয়ত, স্থানীয় এজেন্ট নেটওয়ার্ক। গ্রাম বা মহল্লার পরিচিত কেউ এজেন্ট হয়ে অন্যদের যুক্ত করছে। ব্যক্তিগত বিশ্বাসের সুযোগ নিয়ে এই নেটওয়ার্ক দ্রুত ছড়িয়ে পড়ছে। চতুর্থত, মোবাইল ফাইন্যান্স, বিকাশ, নগদ বা অনুরূপ প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজে টাকা লেনদেন হওয়ায় প্রবেশের বাধা প্রায় নেই। সব মিলিয়ে এটি একটি “ডিজিটাল-–সামাজিক– অর্থনৈতিক” চক্র, যা নিজে নিজেই বিস্তার লাভ করছে। কেন ১৮-৩০ বছর বয়সীরা সবচেয়ে ঝুঁকিতে যারা প্রায় প্রতি ৪ জনে ১ জন এই বয়সী তরুণরাই দেশের প্রধান কর্মশক্তি, আবার একই সঙ্গে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে থাকা একটি শ্রেণি—আয় সীমিত, ব্যয় বেশি; দ্রুত উন্নতির আকাক্সক্ষা প্রবল; প্রযুক্তি ব্যবহারে দক্ষ; ঝুঁকি নেওয়ার প্রবণতা বেশি। এই বাস্তবতাকে কাজে লাগিয়েই জুয়ার প্ল্যাটফর্মগুলো তাদের টার্গেট করে। প্রথমে ছোট অঙ্কে লাভ দেখিয়ে আস্থা তৈরি করা হয়। পরে ক্ষতি শুরু হলে “আরেকবার খেললে আগের টাকা ফিরে আসবে” এই মনস্তাত্ত্বিক ফাঁদে ব্যবহারকারী আটকে যায়।
অর্থনীতি: দারিদ্র্যের নীরব বিস্তার অনলাইন জুয়ার সবচেয়ে বড় প্রভাব অর্থনীতিতে, বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণিতে। একজন ব্যক্তি প্রথমে তার সঞ্চয় হারায়, এরপর ঋণ নেয়। সেই ঋণ শোধ করতে গিয়ে আবার জুয়ার আশ্রয় নেয়। এভাবে তৈরি হয় একটি বিপজ্জনক চক্র, আয়, ক্ষতি, ঋণ, পুনরায় খেলা আরও ক্ষতি এই চক্র শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে দুর্বল করে দেয়। অনেক ক্ষেত্রে গয়না, জমি বা সম্পদ বিক্রি পর্যন্ত গড়ায়। পরিবার ও সমাজ: অদৃশ্য ভাঙন পরিবারে শুরু হয় অশান্তি, সম্পর্ক দুর্বল হয়, সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়ে। সমাজে তৈরি হয় নতুন সমস্যা—কর্মঘণ্টা কমে যাওয়া, উৎপাদনশীলতা হ্রাস, প্রতারণা ও ছোট অপরাধ বৃদ্ধি এবং “সহজে টাকা” সংস্কৃতির বিস্তার। ধীরে ধীরে এটি একটি সামাজিক অস্থিরতার ভিত্তি তৈরি করে। আইন আছে, কিন্তু বাস্তবতা জটিল বাংলাদেশে জুয়া নিয়ন্ত্রণের প্রধান আইন হলো ১৮৬৭ সালের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট। তবে এই আইনটি ইন্টারনেট যুগের আগেই প্রণীত হওয়ায় অনলাইন জুয়ার ক্ষেত্রে এর প্রয়োগ সীমিত। পরবর্তীতে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স, ২০২৫ আইনি ফাঁক কমালেও বাস্তবতা হলো এই নেটওয়ার্ক আন্তর্জাতিক ও প্রযুক্তিনির্ভর। সার্ভার দেশের বাইরে, এজেন্ট দেশের ভেতরে, আর লেনদেন ছড়িয়ে আছে বিভিন্ন মাধ্যমে। ফলে শুধু আইন দিয়ে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। দায়-দায়িত্ব: কার কোথায় ভূমিকা এই সংকটের দায় একক নয়। রাষ্ট্রকে আরও শক্তিশালী নজরদারি ও দ্রুত প্রয়োগ নিশ্চিত করতে হবে। আর্থিক খাতকে লেনদেন মনিটরিং জোরদার করতে হবে। প্রযুক্তি প্ল্যাটফর্মকে দায়িত্বশীল হতে হবে। সমাজকে সচেতন হতে হবে। আর ব্যক্তিকে বুঝতে হবে “সহজ টাকা”র পেছনে বড় ঝুঁকি লুকিয়ে থাকে। ভবিষ্যৎ: কোন দিকে যাচ্ছে দেশ যদি এই প্রবণতা চলতে থাকে, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে কর্মক্ষম জনগোষ্ঠীর উপর। নিম্নআয়ের মানুষ আরও দরিদ্র হবে, মধ্যবিত্ত চাপের মধ্যে পড়বে, এবং যুব সমাজের একটি অংশ আর্থিকভাবে অস্থিতিশীল হয়ে পড়বে। সবচেয়ে বড় বিপদ হলো -এই সংকট দৃশ্যমান নয়; এটি ধীরে ধীরে ভিত নষ্ট করে।
নীরব বিপর্যয়ের সামনে দেশ অনলাইন জুয়া কোনো সাধারণ খেলা নয় এটি একটি সুসংগঠিত অর্থনৈতিক ফাঁদ, যা সমাজের দুর্বল অংশকে টার্গেট করে বিস্তার লাভ করছে। আপাতদৃষ্টিতে এটি চায়ের দোকানের আড্ডায় সীমাবদ্ধ মনে হলেও, বাস্তবে এটি ইতোমধ্যেই জাতীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে। সময় থাকতে ব্যবস্থা না নিলে, এর মূল্য শুধু অর্থে নয় একটি প্রজন্মের ভবিষ্যৎ দিয়ে দিতে হবে। প্রশ্ন হলো আমরা কি সত্যিই কিছু করবো?
লেখকঃ
মোঃ ফারুক আহম্মেদ
সাবেক ব্যাংকার
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165306