পদ্মায় পাওয়া সাড়ে ২৫ কেজির কাতল বিক্রি হলো ৪৮ হাজার টাকায়
রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া সাড়ে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ বিক্রি হলো প্রায় ৪৮ হাজার ৫০০ টাকায়।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ধরা পড়া এই মাছটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংশ্লিষ্টরা জানায়, বুধবার শেষ রাতে জাফরগঞ্জের জেলে সুব্রত হলদার পদ্মা নদীর গায়া এলাকায় ফ্যাশন জাল ফেললে এই বিশালাকার কাতল মাছটি তার জালে আটকা পড়ে। সকালে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে নিয়ে আসা হয়। মাছটি ঘাটে আসার পর একনজর দেখার জন্য উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন। অল্প সময়ের ব্যবধানেই তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় মাছটি পুনরায় বিক্রি করেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বর্তমানে পদ্মা নদীতে জেলেদের জালে প্রায়ই এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ছে। বিশেষ করে ফ্যাশন জালে এসব মাছ বেশি আটকে পড়ে। পদ্মার মিঠা পানির বড় মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা থাকে এবং বড় ব্যবসায়ীরা এগুলো চড়া দামে কিনে নেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165296