মহানবীকে (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান এমপি হানজালা
মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ দাবি করেন।
সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, “আজ আমি সংসদে দাঁড়িয়েছি শুধু শিবচদের কথা বলার জন্য নয়। আমরা একটি বিশাল কমিউনিটি থেকে বিলং করি। বাংলার ৩০ থেকে ৪০ লাখ ওলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তাদের আওয়াজ আমরা যেন জাতীয় সংসদ থেকে দিতে পারি।”
মহানবীকে কটূক্তি করা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশে কিছু মানুষ আছে তারা আমাদের শেষ নবীকে অস্বীকার করে। তারা মুসলমান হিসেবে পরিচয় দেয়। আমি প্রধানমন্ত্রীকে বলব আপনি বাংলাদেশের ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায় যে যারা নবীকে অস্বীকার করে তারা কোনদিন মুসলমান থাকতে পারে না । আইনের মাধ্যমে এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর তারা যেন কিভাবে এসে নবীর বিরূদ্ধে কটুক্তি করে। নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বাংলাদেশে অবশ্যই মুসলমানদের সংখ্যা অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটুক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়। সে রাজপথে নেমে যায়। আমি বলব যারা নবীকে কটুক্তি করে নবীকে গালিগালাজ করে এদের মৃত্যুদণ্ড যেন হয়। এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাস করা হয়।”
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165260