জয়পুরহাটে দুধ দিয়ে গোসল করে  জুয়া ছাড়ার শপথ যুবকের 

জয়পুরহাটে দুধ দিয়ে গোসল করে  জুয়া ছাড়ার শপথ যুবকের 

জয়পুরহাট প্রতিনিধি : অনলাইনসহ নানা ধরণের জুয়ায় আসক্ত হয়ে খুইয়েছেন জীবনের সব সঞ্চয়। হারিয়েছেন পারিবারিক সুখ ও সামাজিক মর্যাদা। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ২০ লিটার দুধে গোসল করে চিরতরে জুয়া ছাড়ার শপথ নিয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাহিদুল ইসলাম নামের এক যুবক। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার মহীপুর সরকারি কলেজের সামনে ব্যতিক্রমী এ ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইনসহ বিভিন্ন জুয়ায় আসক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তিনি তার সবকিছু হারাতে বসেন। একপর্যায়ে নিজের ভুলের ভয়াবহতা উপলব্ধি করতে পেরে জুয়ার পথ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেন। দুধ দিয়ে গোসলের পর উপস্থিত জনতার সামনে জাহিদুল ইসলাম অঙ্গীকার করে বলেন, ‘জুয়া আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আজ থেকে আমি নতুনভাবে শুরু করতে চাই। সৎ পথে চলতে চাই। জীবনে আর কখনো কোনো ধরনের জুয়ার সঙ্গে নিজেকে জড়াবো না।’

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, পুলিশের মূল লক্ষ্যই হলো অপরাধমুক্ত সমাজ গড়া এবং জনগণকে ভালো রাখা। কোনো অপরাধী যদি নিজের ভুল বুঝতে পেরে সুপথে ফিরে আসতে চায়, তবে তাকে সবসময়ই স্বাগত জানানো হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165253