কক্সবাজার টেকনাফের শীলখালিতে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে ৬৪ বিজিবির সদস্যরা। এ সময় নাসির উদ্দিন (২৫) নামের এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তি টেকনাফ উপজেলার আলিয়াবাদ এলাকার মোস্তাক মিয়ার ছেলে।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার উপজেলার শীলখালী অস্থায়ী চেকপোস্টে এলে কর্তব্যরত বিজিবি সদস্যরা ডগ হেনরি (নারকোটিকস) দিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে ডগ হেনরি কর্তৃক প্রাইভেটকারের সামনের বাম্পারের ভেতরে অভিনব কায়দায় কালো স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১৮টি মিনি কাট অর্থাৎ ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি প্রাইভেটকারের চালক নাসির উদ্দীনকে গ্রেফতার করা হয়।
আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, উল্লিখিত ইয়াবা টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা, প্রাইভেটকার ও গ্রেফতার আসামিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165197