ইশতেহারের সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে : অর্থ উপদেষ্টা
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আমাদের ইশতেহারে যতগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সকল প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গণে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোনো সরকার এ পর্যন্ত ভোটের চিহ্ন মুছে যাওয়ার আগে এতগুলো কর্মসূচি বাস্তবায়ন করেনি।
এতগুলো জনকল্যাণমুখী কোনো সরকার এ পর্যন্ত করেনি। আমরা সংহতি ও সহমর্মিতার আলোকে সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা জানিয়েছি। তার কারণে আমরা ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত, বুদ্ধ সবাইকে সম্মান জানিয়েছি। তাদেরকে ভাতা দেইনি, সম্মানি দিয়েছি।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, প্রি-পাইলটিং প্রোগামের মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকার ১ হাজার ৩৬ জন কৃষকের তালিকা করা হয়েছে। কৃষকরা যে নানা ধরনের প্রতারণার শিকার হন, বৈষম্যের শিকার হন এটা আর হবে না। আমি মনে করি, কৃষকদের ক্ষেত্রে এটা একটা বৈপ্লবিক পদক্ষেপ। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, কৃষকদের শৃঙ্খলায় ফিরিয়ে আনা এবং তাদের অনুকূল পরিবেশে কাজ করার পরিবেশ তৈরি করতেই এই কার্ড দেওয়া হচ্ছে। এই কার্ডের বিনিময়ে তারা ১০টি সুবিধা ভোগ করতে পারবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165143