কৃষিজমিতে পড়েছিল যুবকের গলাকাটা মরদেহ
কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে এরশাদ মিয়া (৩২) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাহ্মণ চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠের কৃষি জমি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত এরশাদ মিয়া ব্রাহ্মনচাপিতলা গ্রামের আব্দুল হকের ছেলে। বাঙ্গরা বাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণ চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠের কৃষি জমিতে এরশাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, নিহত এরশাদ আগে অটোরিকশা চালাতেন। কয়েক বছর আগে থেকে মাদকে আসক্ত হয়ে পড়েন তিনি। ছেলেকে নেশার জগৎ থেকে থেকে ফেরাতে বহুদিন ধরে চেষ্টা করেও তাকে নেশার জগৎ থেকে ফেরাতে পারেনি পরিবার। নেশা করায় স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে জমির মধ্যে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ওসি আব্দুল কাদের খান বলেন, নিহত যুবকের মরদেহে মাথায়, গলাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।