প্রশাসনের নিষেধাজ্ঞা উপক্ষো করে সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণ

প্রশাসনের নিষেধাজ্ঞা উপক্ষো করে সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সুনামগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা শাখার আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছিল জেলা প্রশাসন। কিন্তু জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা উপক্ষো করেই তীব্র প্রতিবাদ জানিয়ে উন্মুক্ত স্থানে বর্ষবরণের অনুষ্ঠান করেছেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্বরে গানে গানে বর্ষবরণ উদ্‌যাপন করেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। সকালে প্রতিবাদী সংগীত পরিবেশন ও দুপুরে জাহাঙ্গীর আলমের রচনায় ও সাইদুর রহমান আসাদের সঞ্চালনায় পথনাটক বাঁধ মঞ্চস্থ করা হয়। শেষে শহরে গানের মিছিল বের করা হয়।

জেলা উদীচীর সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন ও সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান আসাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা রেজাউল হক, লেখক সুখেন্দু সেন, জেলা সিসিপির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা জাসাসের সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, শহীদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, জেলা শিল্পকলা একাডেমির শিক্ষক সন্তোষ কুমার চন্দ মন্তোষ, সোহেল রানা, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, হাওর ও নদীরক্ষা আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ওাবয়দুল হক মিলন। অনুষ্ঠানে শহরের বিভিন্ন শ্রেণি সংস্কৃতিমনা লোকজন অংশগ্রহণ করেন ও সংহিত প্রকাশ করেন।

সংগঠনটির দাবি, জেলা প্রশাসন তাদের বর্ষবরণ অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়ে সাংস্কৃতিক চর্চার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, যা সুনামগঞ্জের ইতিহাসে আগে কখনও হয়নি। এর আগে রোববার রাতে সুনামগঞ্জ জেলা উদীচীর সভাপতি শীলা রায় ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে অনুমতির জন্য আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে গানের তালিকা ও অন্যান্য পরিবেশনার বিস্তারিত তথ্য জমা দেওয়ার শর্ত দেওয়া হয়। উদীচীর নেতারা এই শর্তকে অযৌক্তিক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন। পরে বিকল্প স্থানে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও শেষ মুহূর্তে জেলা প্রশাসন জানিয়ে দেয় যে সুনামগঞ্জ শহরের কোথাও বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

সংগঠনটির মতে, এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিপন্থি এবং এটি মুক্ত সাংস্কৃতিক চর্চাকে বাধাগ্রস্ত করার শামিল। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, নানা প্রতিকূলতা সত্ত্বেও উদীচী সবসময়ই গণমানুষের সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শহরের উন্মুক্ত স্থানে বিকল্পভাবে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছিলেন।

জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, বাংলাদেশ উদীচী সবসময় বঞ্চিত মানুষের, গণমানুষের কথা বলে। জেলা প্রশাসনের নিষেধাজ্ঞায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। আমাদের অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত জায়গা সুরমা নদীর তীরের রিভারভিউর বটতলায় জেলা প্রশাসন নিষেধাজ্ঞা দেওয়ার পর আমরা উন্মুক্ত স্থানে বর্ষবরণ ও হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের অনিয়ম-দুর্নীতির নিয়ে প্রতিবাদী নাটক বাঁধ মঞ্চস্থ করেছি।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ২০০৮ সাল থেকে সুনামগঞ্জে উদীচীর অনুষ্ঠান হয়ে আসছে। প্রশাসনের অনুমতির জন্য আবেদন করার পর উদীচীর কাছে গানের তালিকা ও নাটকের স্ক্রিপ্ট চাওয়া হয়। কিন্তু উদীচী কারো কাছে এসব দিতে দায়বদ্ধ নয়। হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজের অনিয়ম-দুর্নীতি ও কৃষকদের দুর্দশা নিয়ে উদীচী কথা বলায় জেলা প্রশাসন কোথাও অনুষ্ঠানের অনুমতি দেয়নি। উদীচী গণমানুষের একটি সংগঠন তাই বৈশাখের তপ্ত আবহাওয়া ও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বর্ষবরণ অনুষ্ঠান করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা সিসিপির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, জেলা প্রশাসনের কথামতো অনুষ্ঠান করতে হবে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। উদীচীর অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়ে জেলা প্রশাসন মোটেও ভালো কাজ করেননি। বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া পাকিস্তানি চিন্তা-চেতনার শামিল।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্থানীয় জানিয়েছেন, যেহেতু সরকারিভাবে সব সংগঠনের যৌথ উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান করা হয়েছিল। উদীচীকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে আলাদা অনুমোদন দেওয়া যায় কীভাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165135