রংপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন

রংপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন
রংপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।১লা বৈশাখ সকাল ৮ টায় রংপুর জিলা স্কুলের বটতলায় বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়।
 
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান গাওয়ার মাধ্যমে বরণ করা হয় বাংলা নববর্ষকে।
 
বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি রংপুর জিলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে টাউন হল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় সিটি কর্পোরেশন প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে জেলা প্রশাসন ও সাংস্কৃতিক ঐক্য পরিষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় কমিশনার উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
 
এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকাল ১১ টায় রংপুরের বিভাগীয় কমিশনার নববর্ষ উপলক্ষ্যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিসিক ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠান ও শোভাযাত্রার উদ্বোধন করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। অন্যদিকে বর্ষবরণকে কেন্দ্র করে কারমাইকেল কলেজ, রংপুর সরকারী কলেজ ও সরকারী বেগম রোকেয়া কলেজ পৃথক কর্মসূচী পালন করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165118