আমাকে কোনো জমি দেওয়া হয়নি: আরিফিন শুভ

আমাকে কোনো জমি দেওয়া হয়নি: আরিফিন শুভ

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা আরিফিন শুভ মডেলিং দিয়ে ২০০৪ সালে ক্যারিয়ার শুরু করে এখন ওটিটি প্ল্যাটফর্মেও সমানভাবে সক্রিয়। সম্প্রতি BBC বাংলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত জীবন, ক্যারিয়ারের চ্যালেঞ্জ ও ‘মুজিব’ সিনেমা নিয়ে বিতর্কের বিষয়ে কথা বলেছেন।

শুভ জানান, ২০২৪ সাল তার জীবনের অন্যতম কঠিন সময়—এই বছরেই তিনি মাকে হারান এবং তার বৈবাহিক জীবনেরও ইতি ঘটে। একই সঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার হয়েছেন বলেও দাবি করেন।

মুজিব: একটি জাতির রূপকার সিনেমায় অভিনয়ের জন্য ১ টাকা পারিশ্রমিক নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল তার মুক্তিযোদ্ধা বাবার প্রতি আবেগ থেকে নেওয়া সিদ্ধান্ত। জমি পাওয়ার গুঞ্জন নাকচ করে শুভ জানান, তিনি আবেদন করলেও কোনো প্লট পাননি।

রাজনীতিতে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে তিনি বলেন, সিনেমাটিতে অভিনয়ের কারণেই তাকে টার্গেট করা হয়েছে। কঠিন সময়ে সহকর্মীদের পাশে না পেলেও, এতে তিনি প্রকৃত মানুষ চিনতে পেরেছেন বলেও উল্লেখ করেন।

বর্তমানে মুম্বাইয়ের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে নতুন প্রজেক্ট ‘সিটি’-তে যুক্ত হয়েছেন শুভ। মুক্তিযুদ্ধ ও কলকাতার সংগীত সংস্কৃতি নিয়ে নির্মিত এই কাজটি নিয়ে তিনি আশাবাদী। ভবিষ্যতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কাজ করার ইচ্ছার কথাও জানান এই অভিনেতা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165084