পাবনার ভাঙ্গুড়ায় মাদকদ্রব্যসহ দুই কারবারি আটক
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে সবুজ শেখের বাড়ি থেকে মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চৌবাড়িয়া উত্তর পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মাদক কারবারি জাকির হোসেন (৪২), পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নারিকেল পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।
জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এসআই নাইমুর রহমান (নিঃ) সঙ্গীয় এএস আই জালাল উদ্দিন (নিঃ)সহ একদল সঙ্গীয় ফোর্স নিয়ে সবুজ শেখের বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের দুইজনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।
গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি ও অপর পালাতক মাদক কারবারি সবুজ শেখের বাড়ি তল্লাশি চালিয়ে ৬৪টি পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোবাইল ফোন সেট ও ১ হাজার ৪৯৫টাকা জব্দ করা হয়।
এসময় অপর মাদক কারবারি সবুজ শেখ পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পরে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে সোপর্দ করা হয়েছে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম গ্রেফতারের ঘটনা সত্যতা স্বীকার করে বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165057