জয়পুরহাটের কালাইয়ে গরু চুরি মামলায় কারাগারে যাওয়া সেই বিএনপি নেতাকে বহিষ্কার
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে গরু চুরি মামলায় পুলিশের হাতে গ্রেফতারের পর কারাগারে যাওয়া সেই বিএনপি নেতা ফিরোজ আহমেদকে বহিস্কার করা হয়েছে। গ্রেফতার ও কারাগারে অবস্থানের বিষয় নিশ্চিত হওয়ার পর গতকাল রোববার রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ঘটনাটি উপজেলার পুনট ইউনিয়নের।
দলীয় সূত্র জানা গেছে, উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ গত শনিবার এলাকায় গরু চুরির একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান। ওই ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তাকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।
পুনট ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ এবং বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেছেন পুনট ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিছুর রহমান সরকার ও সাংগঠনিক সম্পাদক আবু খায়রুল আলম। থানায় মামলা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাতে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুনগ্রাম এলাকায় গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এরমধ্যে একটি গাভি চোরেরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি পরিত্যক্ত তেলের পাম্পে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে।
পরে গরুটি বগুড়ার সোনাতলার ডাকুমারা হাটে ৬৮ হাজার টাকায় বিক্রি করে। ওই ঘটনায় কয়েকজন আসামিকে পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে পাঠায়। পরে পুলিশ আসামিদের রিমান্ডে নিয়ে আসে। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যায়, বিক্রির টাকা চোরেরা নিজেদের মধ্যে ভাগ করে নেন এবং ওই ঘটনার সাথে জড়িত বিএনপি নেতা ফিরোজ আহমেদকে ৬০ হাজার টাকা ভাগ দেওয়া হয়।
এ সংক্রান্ত ভিডিও আলামতও জব্দ করা হয়েছে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফিরোজ আহমেদকে পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে পাঠায়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিএনপি নেতা ফিরোজ আহমেদকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানোর বিষয় নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165055