বগুড়ার শেরপুরে অতিরিক্ত বোঝাইয়ের কারণে উল্টে গেল ট্রাক, ট্রাকচালকসহ ৭ জন শ্রমিক প্রাণে রক্ষা

বগুড়ার শেরপুরে অতিরিক্ত বোঝাইয়ের কারণে উল্টে গেল ট্রাক, ট্রাকচালকসহ ৭ জন শ্রমিক প্রাণে রক্ষা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অতিরিক্ত তুষ বোঝাইয়ের কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার হাসপাতাল রোড কবরস্থান সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত মাল বোঝাই থাকায় ট্রাকটি চলাচলের সময় ভারসাম্য হারিয়ে হঠাৎ রাস্তার পাশে উল্টে পড়ে। এ সময় ট্রাকটির চাকা উপরে উঠে যায় এবং সেটি কবরস্থানের প্রাচীরে  লেগে থেমে যায়। এতে ট্রাকচালকসহ ৭ জন শ্রমিক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে স্থানীয়রা জানান, ঘটনাস্থলের সড়কটি অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়েই উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোগীদের হাসপাতালে আনা-নেওয়া করা হয়। বিশেষ করে শেরপুর-ধুনট অঞ্চলের রোগীরা শহরের এই ব্যস্ততম সড়কের পাশেই গড়ে ওঠা অসংখ্য ক্লিনিক ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিতে আসেন। এমন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচল করায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকীর লিংকন বলেন, এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য রোগী হাসপাতালে যাতায়াত করেন। এমন ব্যস্ত ও সংবেদনশীল এলাকায় ভারী ও অতিরিক্ত বোঝাই যানবাহন চলাচল রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। রোগী পরিবহন নির্বিঘ্ন রাখতে দ্রুত যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু জানান, অতিরিক্ত বোঝাই ও বেপরোয়াভাবে গাড়ি চলাচলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ধরণের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনবহুল সড়কে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165047