সিলেটে রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার ,পাঠানো হয়েছে ছোটমণি নিবাসে
সিলেটের বিশ্বনাথে রাতের অন্ধকারে রাস্তার পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে। পরে প্রশাসনের উদ্যোগে শিশুটির নাম রাখা হয় ‘ফাতেমা বেগম’।
আজ সোমবার (১৩ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি তার নাম রাখেন। গত রোববার রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজী সড়কের ধলিপাড়া গ্রাম সংলগ্ন এলাকার একটি ঝোপ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
প্রশাসন জানায়, গত রোববার রাত ১১টার দিকে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালক মুক্তার মিয়া গাড়ি নিয়ে ফিরছিলেন। পথে ধলিপাড়া গ্রামের ‘পিছর মুখ’ এলাকায় এসে হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় নির্জন অন্ধকার সড়কে তিনি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখেন, কোনো কাপড় ছাড়া একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পড়ে আছে নবজাতকটি। তাৎক্ষণিক তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনছুরা আক্তার এবং ওসি গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ইউএনও উম্মে কুলসুম রুবি শিশুটিকে কোলে তুলে নিয়ে সেখানে উপস্থিত সবার সম্মতিতে তার নাম রাখেন ‘ফাতেমা বেগম’।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে নিরাপদ ভবিষ্যতের জন্য সিলেটের বাগবাড়ীস্থ ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।