পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ৫
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ আবারো এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার করেছে। এসময় পুলিশ মাদক বিক্রেতাসহ ৫ জনকে হাতে-নাতে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি টিম রোববার সন্ধ্যায় উপজেলার রাধানগর রবিন মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। আটককৃতরা হলো-চিহ্নিত মাদককারবারী মোঃ মোস্তফা কামাল (৪০), জাহিদুল ইসলাম (৩৫), রবিন মুরমু (২৮) এবং মোঃ কাশেম আলী (৩০)। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা, ২৫০ গ্রাম বাংলা মদ ও কিছু গাঁজা উদ্ধার করে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ৫ জনের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদের পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165040