বর্তমান সরকার জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পুর্বে হাসিনা-এরশাদের আমলে কোন ভোট সুুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। সেজন্য বিএনপি তাদের পাতানো ভোটে অংশগ্রহণ করেনি। স্বৈরাচার হাসিনা সরকারের পতন হওয়ার পর দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হলো। সেই ভোটে অংশগ্রহণ করে, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে।
তিনি বলেন, বর্তমান সরকার জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন দেশের মানুষের কল্যাণের জন্য যা যা করা প্রয়োজন সব করা হবে। গতকাল সোমবার সকালে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
গাক চক্ষু হাসপাতাল বগুড়ার সিনিয়র পরিচালক ড. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত, অধ্যাপক নজরুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান প্রমুখ।
উক্ত চক্ষু ক্যাম্পে ৬ শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়। অপর দিকে উপজেলার মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কলেজ, উচ্চ বিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজের প্রফেসর অধ্যক্ষ আবুল কালাম আসাদ, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, চৌধুরী মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, শিক্ষক সাইফুল ইসলাম, তাজুল ইসলাম, আলিয়ার হাট মাদ্রাসার অধ্যক্ষ এম.এ ছালাম, আব্দুল শাহীনুর রহমান।
এরপর তিনি (প্রতিমন্ত্রী) বগুড়ার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ খরিপ-১ মৌসুমে উফশী আউশ পাট ও তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি পূণর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষানীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উদ্ভিদ সংরক্ষণ অফিসার গোলাম মোস্তফা, উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার পলাশ কুমার সরকার, কৃষক মোজাফ্ফর হোসেন, মিলন আকন্দ, বেলাল হোসেন, শাহিনুর রহমান, আবু সাইদ, জহুরুল ইসলাম প্রমুখ। প্রতিমন্ত্রী বিকেলে মহাস্থান মাজার মসজিদের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165033