নলছিটিতে দুর্বৃত্তের হামলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত
ঝালকাঠির নলছিটি উপজেলায় দুর্বৃত্তের হামলায় ইকবাল হোসেন হাওলাদার (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ইকবাল হোসেন হাওলাদার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।
এলাকাবাসী জানায়, গতকাল রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি একসময় প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে তার সঙ্গে কারও শত্রুতা ছিল না বলে দাবি পরিবারের।
নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।