টানা হারে অবনমনের দ্বারপ্রান্তে টটেনহ্যাম
স্পোর্টস ডেস্ক : দুঃসময় যেন কাটছেই না টটেনহ্যামের। ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক ব্যর্থতায় ক্রমেই পয়েন্ট টেবিলের নিচের দিকে নেমে যাচ্ছে লন্ডনের ক্লাবটি। রোববার (১২ এপ্রিল) সান্ডারল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরে রেলিগেশনের শঙ্কা আরও বাড়িয়েছে স্পার্সরা।
টানা তিন ম্যাচে হারের ফলে বর্তমানে টেবিলের ১৮তম স্থানে রয়েছে টটেনহ্যাম। তাদের নিচে আছে শুধু বার্নলি ও উলভস। অন্যদিকে, টটেনহ্যামের ওপরে থাকা ওয়েস্ট হ্যাম ও নটিংহ্যাম যথাক্রমে ২ ও ৩ পয়েন্টে এগিয়ে রয়েছে। সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ছন্দহীন ফুটবল খেলেছে টটেনহ্যাম। আক্রমণে একের পর এক সুযোগ নষ্ট করার পাশাপাশি রক্ষণভাগেও ছিল দুর্বলতা। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।
৬১তম মিনিটে নর্দি মুকিয়েলের একমাত্র গোলেই জয় পায় সান্ডারল্যান্ড। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থেকেও গোল করতে ব্যর্থ হন টটেনহ্যামের তারকারা। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সে ক্ষোভে ফুঁসে উঠেছেন সমর্থকরা। ম্যাচ চলাকালেই গ্যালারি থেকে কোচিং স্টাফ ও ক্লাব ব্যবস্থাপনার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় অনেককে, যা টটেনহ্যামের বর্তমান সংকটকেই আরও স্পষ্ট করে তুলেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164984