ইংলিশ তারকা ক্রিকেটার সঙ্গী হচ্ছেন নাহিদ-শরিফুলদের

ইংলিশ তারকা ক্রিকেটার সঙ্গী হচ্ছেন নাহিদ-শরিফুলদের

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের ১১তম আসরে রীতিমতো উড়ছে নাহিদ রানা-শরিফুল ইসলামদের দল পেশোয়ার জালমি। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। এরপরও নিজেদের শক্তি বাড়াতে ইংলিশ ব্যাটার জেমস ভিন্সকে দলে ভেড়াল পেশোয়ার। ভিন্সকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাভেদ আফ্রিদি।গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নিলামে ৩০ মিলিয়ন রুপিতে (তিন কোটি রুপি) ভিন্সকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। তবে ব্যক্তিগত কারণে প্রথম পাঁচ ম্যাচে তাকে পায়নি ২০১৭ সালের চ্যস্পিয়নরা। অবশেষে টুর্নামেন্টের মাঝপথে পেশোয়ারের শিবিরে যোগ দিতে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। 

৩৫ বছর বয়সী জেমস ভিন্স পিএসএলের পরিচিত মুখ। এর আগে করাচি কিংস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং মুলতান সুলতানসের হয়ে খেলা এই ইংলিশ ব্যাটার লিগের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা দশে অবস্থান করছেন। ৫৬ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিসহ প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ১৫৪৪ রান করেছেন তিনি।

বর্তমানে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পেশোয়ার জালমি। সোমবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মুলতান সুলতানস।পেশোয়ার জালমি স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলি রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, খুররা শেহজাদ, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুল সুবহান, তানজিদ হাসান তামিম, মিচেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতেখার আহমেদ, নাহিদ রানা, কাশিফ আলী, শাহনেওয়াজ ধানি, ফরহান ইউসুফ, ব্রায়ান বেনেট, মোহাম্মদ বাসিত, জেমস ভিন্স ও শরিফুল ইসলাম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164948