বিএডিসি বগুড়া-জয়পুরহাট জোনের চুক্তিবদ্ধ বীজআলু চাষিদের সংবাদ সম্মেলন

বিএডিসি বগুড়া-জয়পুরহাট জোনের চুক্তিবদ্ধ বীজআলু চাষিদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বীজআলুর মূল্য ৩৫ থেকে ৩৮ টাকা করা এবং বীজআলুর মূল্য আগাম নির্ধারণ করে চাষিদের অবহিত করাসহ সাতদফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএডিসি বগুড়া-জয়পুরহাট জোনের চুক্তিবদ্ধ বীজআলু চাষিরা। আজ রোববার (১২ এপ্রিল) সকালে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

বিএডিসি বগুড়া-জয়পুরহাট জোনের চুক্তিবদ্ধ বীজআলু ১২ চাষি সংবাদ সম্মেলনে বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বিএডিসি কর্তৃপক্ষ ‘এ’ গ্রেডের প্রতি কেজি বীজআলুর মূল্য নির্ধারণ করে ৩৮ টাকা আর ‘বি’ গ্রেডের বীজআলুর মূল্য নির্ধারণ করে ৩৫ টাকা। পরবর্তীতে ২০২৪-২৫ অর্থবছরে নতুন কর্তৃপক্ষ এসে বীজের মূল্য নির্ধারণ করে যথাক্রমে ২৮ ও ২৬ টাকা।

এ ব্যাপারে তারা প্রতিবাদ করলে কর্তৃপক্ষ পরবর্তিতে বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরে বীজআলুর দাম আরও কমিয়ে ‘এ’ গ্রেডের ২৫ টাকা এবং ‘বি’ গ্রেডের ২২ টাকা নির্ধারণ করা হয়।

এই দাম নির্ধারণের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এমন দাবি তুলে সংবাদ সম্মেলনে বীজআলু চাষিরা বলেন, দেশে বীজআলুর উৎপাদন ব্যাহত হলে কমিশনের সুযোগ নিয়ে বিদেশ থেকে কয়েক গুণ বেশি দামে তা আমদানি করা হবে বলে উল্লেখ করে, তারা সাত দফা দাবি তুলে ধরেন। দাবিসমূহের মধ্যে অন্যতম হলো-গত বছরের (২০২৪-২৫ বর্ষের) হ্রাসকৃত মূল্য সমন্বয় করে বকেয়া মূল্য পরিশোধ করতে হবে। গত বছরের প্রতিবাদে নেতৃত্ব দেওয়া বগুড়ার কৃসক জিয়া হায়দারের বাতিলকৃত ‘ব-ক’ পুনরায় নিবন্ধন করতে হবে। বিএডিসি’র কুচক্রিমহলকে চিহ্নিত করে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। বীজআলুর মূল্য নির্ধারণে চুক্তিবদ্ধ চাষিদের প্রতিনিধির মতামত গ্রহণ করতে হবে।

মাঠ পর্যায়ে শেড নির্মাণ, চূড়ান্ত বাছাই, গ্রেডিং, বস্তাবন্দি, ওজন, বস্তা সেলাই, গাড়ি লোড করাসহ খরচসমূহ স্থানীয় শ্রম বাজার মূল্যে প্রদান করতে হবে। সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, উৎপাদিত আলুর সর্বোচ্চ শতকরা ৪০ ভাগ বীজ হিসেবে বিএডিসি গ্রহণ করে। বীজআলুর উৎপাদন খরচ খাবার আলুর চেয়ে দ্বিগুণ হয়ে থাকে।

এছাড়া প্রতি বছর জমির লিজ মূল্য, শ্রমিকের মজুরি, পরিবহন মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই উৎপাদন মূল্য বৃদ্ধি পায়। তাই তাদের সাতদফা মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-মো. কফিল খান, মাহবুবুর রহমান খান, মনোয়ার হোসেন, আব্দুল মতিন, আমিনুল, ওয়াহেদ মুরাদ, আবু মুছা, সেলিম, শামীম আহমেদ, আঙ্গুর হোসেন, ইসমাইল বেলাল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164936