ফের বন্ধ হচ্ছে হরমুজ! ইরানের পর এবার অবরোধ শুরু করল আমেরিকা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। তাদের নৌবাহিনী এ মুহূর্ত থেকে হরমুজকে অবরুদ্ধ করবে। এছাড়া যেসব জাহাজ হরমুজ পার হতে ইরানকে টোল দিয়েছে সেসব জাহাজ শক্তি প্রয়োগ করে আটকানো হবে বলেও জানিয়েছেন তিনি।
ট্রাম্প বলেছেন, ইরানকে টোল দেওয়া জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় চলতে দেওয়া হবে না।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন ট্রাম্প।
তিনি লিখেছেন, “এ মুহূর্ত থেকে কার্যকর, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ দিয়ে প্রবেশ ও বের হওয়া সব জাহাজকে অবরুদ্ধ করবে। আমরা ‘সব জাহাজ বের হওয়া এবং সব জাহাজ প্রবেশের’ সুযোগ পাবে এমন বিষয় চাই। কিন্তু ইরান এটি হতে দেয়নি সেখানে মাইন থাকার কথা বলে। হরমুজের কোন জায়গায় মাইন আছে, সেটি ইরানিরা ছাড়া আর কেউ জানে না। এটি বিশ্ব চাঁদাবাজি। আর বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতারা চাঁদাবাজির শিকার হবে না।”
“যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে আমি সেসব জাহাজকে আটকাতে বলেছি। যারা অবৈধ টোল দিবে তারা সমুদ্রে চলতে পারবে না।”
“ইরানিরা হরমুজে যেসব মাইন স্থাপন করেছে আমরা সেগুলো ধ্বংস করব। ইরানের যেসব জাহাজ আমাদের অথবা সাধারণ জাহাজের দিকে গুলি ছুড়বে, তাদের নরকে পাঠানো হবে।”
ট্রাম্প আরও লিখেছেন, “এই পরিস্থিতির অবসান কীভাবে ঘটানো যায় সেটি ইরান ভালো করে জানে। শুধুমাত্র পারমাণবিক কার্যক্রমের কারণে তাদের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের বিমানবিধ্বংসী রাডারগুলো অকার্যকর, খোমেনিসহ অন্যান্য নেতারা নিহত হয়েছে।”
“হরমুজ অবরুদ্ধ অল্প সময়ের মধ্যে শুরু হবে। অন্যান্য দেশও এতে যুক্ত হবে। ইরানকে অবৈধভাবে অর্থ আদায়ের মাধ্যমে লাভবান হতে দেওয়া হবে না। তারা অর্থ চায়, সঙ্গে পারমাণবিক অস্ত্র। ইরানে আরও যা কিছু অবশিষ্ট আছে, সেগুলো আমরা যথাযথ সময়ে ধ্বংস করব। আমরা সেভাবে প্রস্তুত হয়েছি।”
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164914