আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বগুড়া 

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বগুড়া 

রাজশাহী স্কেটিং একাডেমির আয়োজনে গতকাল শনিবার বিকেলে রাজশাহীর ভদ্রা পার্কে বিভাগীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। স্কেটিং প্রতিযোগিতায় সর্বোচ্চ মেডেল জিতে আবারও বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া।

প্রতিযোগিতায় আটটি আলাদা গ্রুপে মোট ২৪টি মেডেল জয়ের লড়াইয়ে অংশগ্রহণ করে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার দেড় শতাধিক স্কেটার। স্কেটিং প্রতিযোগিতায় বগুড়া রোলার স্কেটিং ক্লাব ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কেটিং ক্লাব অংশগ্রহণ করে ২৪টি মেডেলের মধ্যে চারটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও তিনটি ব্রঞ্জসহ মোট ১০টি মেডেল জিতে সর্বোচ্চ মেডেল জয়ের রেকর্ড গড়ে।

বগুড়ার মেডেলজয়ীরা হলেন-জুনিয়র বালক গ্রুপ থেকে মো. স্মরণ (স্বর্ণ পদক), ইয়্যূথ বালক গ্রুপ থেকে মো. আদিয়্যাত ইসলাম দুরন্ত (স্বর্ণ পদক), জুনিয়র বালিকা গ্রুপ থেকে জাফনুন আলম মারিয়া (স্বর্ণ পদক) এবং জুনিয়র ইয়্যূথ গ্রুপ থেকে প্রকৃতি সরকার (স্বর্ণ পদক) অর্জন করে।

শিশু বালক গ্রুপ থেকে আবরার হোরাইরা নিলয় (রৌপ্য পদক), শিশু বালিকা গ্রুপ থেকে শার্লিন জারা (রৌপ্য পদক), ও ইয়্যূথ বালক গ্রুপ থেকে ফুয়াদ হাসান (রৌপ্য পদক) অর্জন করে। শিশু বালিকা গ্রুপ থেকে সাবরিনা আক্তার (ব্রঞ্জ পদক), জুনিয়র বালিকা গ্রুপ থেকে মাহি ইসলাম রোজা (ব্রঞ্জ পদক), ও ইয়্যূথ বালিকা গ্রুপ থেকে নিশাত হোরাইরা (ব্রঞ্জ পদক) অর্জন করে।

উক্ত বিভাগীয় স্কেটিং প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান এসএম তুহিনুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাবুল ইসলাম, চিপ কমান্ডেন্ট বাংলাদেশ রেলওয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী স্কেটিং একাডেমির পরিচালক সাজ্জু হোসেন। খেলাটি পরিচালনা করেন, বগুড়া রোলার স্পোর্টস একাডেমি ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কেটিং ক্লাবের কোচ আশরাফুল ইসলাম রহিত ও নওগাঁ স্কেটিং একাডেমির প্রশিক্ষক শাহীদুন নবী।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164908