২০১০-২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোনও উন্নয়ন হয়নি: শিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। দীর্ঘ এই সময়ে শিক্ষার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা ভিশন ছিল না। যার ফলে শিক্ষার্থীরা এইচএসসি পাস করার পরও বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারছে না এবং বাধ্য হয়ে লটারি পদ্ধতি চালু করতে হয়েছে।
আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটরিয়ামে আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্বাচনী অঙ্গীকার ‘আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ’ গড়ার অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একটি সুনির্দিষ্ট ভিশন নিয়ে কাজ করছেন। বর্তমানে দেশে মাত্র ৬৫ শতাংশ মানুষ ভালোভাবে বাংলা বলতে পারে। আমরা কোটি টাকা খরচ করে দালানকোঠা বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষার মান কেমন হচ্ছে, তা নিয়ে ভাবছি না। কারিকুলাম ও ক্লাসরুমের পরিবেশ উন্নত করার পাশাপাশি সঠিক শিক্ষক যেন ক্লাসরুমে থাকেন, তা নিশ্চিত করতে হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শুধু ওপর থেকে নেওয়া সিদ্ধান্তে শিক্ষার মান বদলাবে না। আপনারা দায়িত্ব নিন, আমরা একসাথে কাজ করব। তবেই আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারব।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়সহ আরও অনেকে।সেমিনারের দ্বিতীয় অংশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164893