বগুড়ার ধুনটে ইয়াবাসহ সরকারি কর্মচারী গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধি অভিযান চালিয়ে আব্দুল লতিফ ওরফে বিরেন সেখ (৪৭) নামে সরকারি এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আজ রোববার (১২ এপ্রিল) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। বিরেন সেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাতী গ্রামের মোলা বক্সের ছেলে। সে কুড়িগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী পদে চাকরি করে। এরআগে শনিবার রাতে একই এলাকার রানডিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একাধিক মাদক মামলার আসামি।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরেন সেখ এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদকদ্রব্য পৌঁছে দেয়।
তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে একই এলাকার রানডিলা গ্রামের রাস্তায় দাঁড়িয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধি বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164882