সীমান্তে প্রায় এক কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে প্রায় এক কোটি টাকার স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে আটক ব্যক্তিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তির নাম শ্রী সমর হালদার (২৬)। তিনি দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের শ্রী গোপাল হালদারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে দর্শনা উপজেলার বাড়াদি এলাকার ৫ নম্বর কবরস্থানের কাছে একটি বিশেষ টহল দল অ্যাম্বুশ করে। এ সময় এক ব্যক্তি সীমান্তের দিকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে উপস্থিত জনসম্মুখে তার দেহ তল্লাশি করে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান রোববার সকালে জানান, এ ঘটনায় দর্শনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।